কালকিনিতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে সন্তোষপ্রকাশ
- আপডেট সময় : ১১:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যান। এ সময় কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে উপস্থিত পান মন্ত্রী। পরিদর্শনকালে তিনি একই কমপ্লেক্সের দুটি উইংয়ের কাজের তুলনামূলক চিত্র প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ‘মেগা ক্যাম্পেইন’-এর প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেন মন্ত্রী। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানান, মেগা ক্যাম্পেইনের বিষয়ে মাসিক সভায় সকল সহকর্মীকে ইতিমধ্যে নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া সহকর্মীদের জিপিএস ম্যাপ ক্যামেরার মাধ্যমে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার বিষয়টিও মন্ত্রীকে অবগত করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরপর দুইবার জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। পাশাপাশি ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কালকিনির বাঁশগাড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এ বিষয়গুলো জানার পর মন্ত্রী পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করেন। তবে ইউএনও কালকিনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে তীব্র জনবল সংকটের বিষয়টি মন্ত্রীর নজরে আনেন।
ক্যাম্পেইনের স্লোগান প্রসঙ্গে মন্ত্রী জানতে চাইলে পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’— এই বার্তা নিয়েই প্রচার চালানো হবে।
পরিদর্শন শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সকলের দীর্ঘদিনের পরিশ্রম ও শৃঙ্খলার ফলেই আজকের এই স্বীকৃতি। আগামীতেও আমরা আমাদের শ্রেষ্ঠত্ব ও কাজের মান বজায় রাখবো।









