মাদারীপুর আদালত চত্বরে কুপিয়ে জখমের অভিযোগ
- আপডেট সময় : ০৮:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

মাদারীপুর জজকোর্ট চত্বরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করে মাথায় কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
সোমবার, ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে আদালত চত্বরে মোল্লা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মোঃ হেমায়েত হোসেন। তিনি মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকদি এলাকার মালেক বেপারীর ছেলে।
জানা যায়, জমিজমা সংক্রান্ত একটি মামলায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পর তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় ৮ থেকে ১০ জনের একটি দল তাঁকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় ওবাইদুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।













