বামনায় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্বের ঝুঁকিতে অসহায় কৃষক ইউসুফ: চিকিৎসার জন্য আকুল আবেদন
মোঃ জসিম উদ্দিন বরগুনা থেকে
- আপডেট সময় : ১২:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে

- বামনায় সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্বের ঝুঁকিতে অসহায় কৃষক ইউসুফ: চিকিৎসার জন্য আকুল আবেদনবরগুনার বামনা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ দুই মাস ধরে বিছানায় ছটফট করছেন ইউসুফ হাওলাদার (৪৬) নামে এক অসহায় দরিদ্র কৃষক। টাকার অভাবে বন্ধ রয়েছে তার উন্নত চিকিৎসা। জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা না গেলে তার একটি পা চিরতরে কেটে ফেলতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে উন্নত চিকিৎসার খরচ জোগাতে না পেরে পরিবারটি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বামনা উপজেলার ১নং বুকাবুনিয়া ইউনিয়নের ১নং চালিতাবুনিয়া গ্রামের জিন্নাত আলী হাওলাদার বাড়ির মৃত আলতাফ হোসেন হাওলাদারের ছেলে মো. ইউসুফ হাওলাদার পেশায় একজন সাধারণ কৃষক। দুই মাস আগে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম পায়ের তিন-চারটি জায়গায় হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক ও জরুরি চিকিৎসা দেওয়া হলেও পুরোপুরি সুস্থ হতে দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন। কিন্তু দরিদ্র এই কৃষকের পক্ষে সেই খরচের বোঝা বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
বিগত দুই মাস ধরে ঘরের বিছানায় যন্ত্রণায় দিন কাটছে ইউসুফের। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার করা না হলে ইনফেকশন ছড়িয়ে পড়তে পারে, যার ফলে তার বাম পা-টি কেটে বাদ দিতে হবে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবারটি এখন চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে।
ইউসুফ হাওলাদারের চিকিৎসায় সহযোগিতা করতে এবং একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মানবিক ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা:
(ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ): ০১৯৬২১৩৭৯৭৬ (01962-137976)











